হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে এনসিপি নেতাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি

এনসিপি নেতা আনোয়ার হোসেন গণপিটুনির পর পুলিশে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকিসহ বিভিন্ন সময় বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনসিপির সাবেক কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে রায়পুর থানা-পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল শনিবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে হত্যার হুমকিসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আজ রোববার দুপুরে রায়পুর থানায় রুহুল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। পরে পুলিশ ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়।

গণপিটুনির শিকার আনোয়ার হোসেন (৩৮) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তিরও সংগঠক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকার ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় আহত আনোয়ারকে বলতে শোনা যায়, ‘রায়পুরের এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুন্ডা বাহিনী আমার ওপর হামলা করেছে। আপনার সবাই দেখছেন। এর বিচার হতে হবে।’

এরপর খবর পেয়ে বাসাবাড়ি বাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আনোয়ারকে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার আগে স্থানীয় আওয়ামী লীগের দাপুটে কর্মী ছিলেন। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পতনের পর আনোয়ার এনসিপিতে যোগদান করেন। পরে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নোংরা বক্তব্য রাখেন।

এই বিষয়ে জেলা এনসিপির সিনিয়র সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন বর্তমানে কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক। এর আগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার রাতে তাঁর ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, এটি কোনো সভ্য সমাজে হতে পারে না।’ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।’

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘আনোয়ার নিজেকে এনসিপি নেতা পরিচয় দেন। খবর পেয়ে আমরা আনোয়ারকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুহুল আমিন নামের এক লোক আনোয়ারের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।’

লক্ষ্মীপুরে মাটি কাটা নিয়ে দ্বন্দ্ব, কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

চামড়া বিক্রি হচ্ছে না, মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ঘর থেকে হারিয়ে গেল শিশু, পরে খালে মিলল লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের প্রবাসী যুবক নিহত

বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা

লক্ষ্মীপুরের ১১ গ্রামে আজ উদ্‌যাপিত হচ্ছে ঈদ

লক্ষ্মীপুরে মাছঘাটের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মারামারি, আহত ৭

গত ১৭ বছর দেশের মানুষ উন্নয়নবঞ্চনার শিকার হয়েছিল: পানিসম্পদমন্ত্রী এ্যানি