লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতি করা হয়। একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ কালেকশন নামে তিনটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিমাই চক্রবর্তী জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ ৬০ থেকে ৬৫ হাজার টাকা, আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। স্বর্ণালংকার দিতে গড়িমসি করলে তাঁর ভাই সুম চক্রবর্তী ও তাঁর মাকে এলোপাতাড়ি মারধর করে ডাকাতেরা।
প্রায় একই সময়ে ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ঢুকে ঘরের নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় ডাকাত দল। তবে তাঁদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে তোরাবগঞ্জ বাজারে তিন ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আক্তার এন্টারপ্রাইজ থেকে নগদ ৩৩ হাজার, চৌধুরী ট্রেডার্সের ২১ হাজার ও নিউ কালেকশন থেকে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এসব বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। খুব শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে।