হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত তাজউদ্দিনের লক্ষ্মীপুরের বাড়িতে মাতম

লক্ষ্মীপুর প্রতিনিধি

তাজউদ্দিন। ছবি: সংগৃহীত

মালদ্বীপে শ্রমিক আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তাজউদ্দিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে শোকের মাতম। আজ শুক্রবার রাতে তাজউদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী অনন্তি বেগম। তিনি বলেন, ছয় মাস আগে পরিবারের অভাব দূর করতে মালদ্বীপে পাড়ি জমান তাঁর স্বামী তাজউদ্দিন। বৃহস্পতিবার ভোররাতে নির্মাণকাজের পাশে গেস্টহাউজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে মারা গেছেন তিনি। কাঁদতে কাঁদতে অনন্তি বেগম বলেন, ‘এখন কী করব, চার মাসের মেয়েসহ পরিবারের হাল ধরবে কে?’

তাজউদ্দিন সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের কাচারিবাড়ির আবুল কাশেমের ছেলে।

স্বজনেরা জানান, ছয় মাস আগে ধারদেনা করে মালদ্বীপে যান তাজউদ্দিন। মালদ্বীপের ধিগুরাহ দ্বীপ এলাকায় নির্মাণকাজের শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ঘটনার দুই দিন আগে তাজউদ্দিনের সঙ্গে শেষবার কথা হয়েছিল স্ত্রী অনন্তি বেগমের। স্ত্রীকে ঈদের কেনাকাটার জন্য কিছু টাকাও পাঠানোর কথাও বলেছিলেন তিনি।

মালদ্বীপের আলিফু ধালু ধিগুরাহ দ্বীপের একটি শ্রমিক আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এতে তাজউদ্দিনসহ পাঁচ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ সময় আরও দুজন দগ্ধ হয়েছেন। তাজউদ্দিন ছাড়া নিহত অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবারে তাজউদ্দিনের মৃত্যুর খবরটি পরিবারের কাছে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।

ছেলের মৃত্যুর খবর শুনে বৃদ্ধ মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন। তাজউদ্দিনের বাবা আবুল কাশেম ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। তাজউদ্দিনের মৃত্যুর ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী এ্যানি

প্রভাবশালী কিছু লোক মাদক ব্যবসা করেন, ছেড়ে দিন: পানিসম্পদমন্ত্রী

৭১-এর চেতনা বিক্রির মতো আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না: হুইপ নিজান

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

ওমানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বাংলাদেশি নিহত

সেতুর একাংশে ধস, ঝুঁকিপূর্ণ পারাপার

রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যায় ‘ঘাতকের’ পরিচয় নিয়ে যা জানা গেল

হোমনার লটিয়ায় পাশাপাশি কবরে শায়িত মা ও ৩ মেয়ে, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত

আমার মা ও বোনের হত্যার বিচার চাই: শিফাত

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা