হোম > সারা দেশ > কুষ্টিয়া

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় পেল তদন্ত কমিটি, গ্রেপ্তার নেই

কুষ্টিয়া প্রতিনিধি

সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল। এদিকে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকেলে তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, মৌখিকভাবে সাত কার্যদিবস সময়ের অনুমতি পাওয়া গেছে। রাতের মধ্যে এ-সংক্রান্ত চিঠি পাওয়ার কথা রয়েছে। বর্ধিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। প্রয়োজনে আরও তদন্ত করা হবে।

তদন্ত কমিটির প্রধান জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেলে অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে মিলিয়ে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। বৈঠকে তদন্তের স্বার্থে প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন তৈরি ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে কাজ চলছে।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত।

অন্যদিকে, ঘটনার পর গত শনিবার নুসরাতের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এক ব্যক্তি মামলা করেছেন।