হোম > সারা দেশ > খুলনা

দাবি আদায়ে আবারও আন্দোলনে কুয়েট শিক্ষক সমিতি, মানববন্ধন শিক্ষার্থীদেরও

খুলনা প্রতিনিধি

শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

শিক্ষক সমিতির নেতারা বলছেন, নতুন উপাচার্য যোগদানের পর শিক্ষক লাঞ্ছনার বিচারের জন্য তিন সপ্তাহের সময় দিয়ে তাঁরা ক্লাসে ফিরেছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবস্থান কর্মসূচিতে কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা উপাচার্যকে তিন সপ্তাহ সময় দিয়ে ক্লাসে ফিরেছি। কিন্তু এই সময়ে লাঞ্ছনায় জড়িত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী ২৬ আগস্টের মধ্যে পদক্ষেপ না নিলে আমরা কঠোর হতে বাধ্য হব। এ ছাড়া আগামী ২৫ ও ২৬ আগস্ট আবারও একই কর্মসূচি পালন করা হবে।’

কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এদিকে কুয়েটের নতুন উপাচার্য আওয়ামী লীগের সুবিধাভোগীদের পুনর্বাসন করছেন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন, জিলানী, রাজিম, সিয়াম, মাসুম, খাইরুল প্রমুখ।

শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন প্রসঙ্গে জানতে চাইলে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত আমার কোনো মন্তব্য নেই। আপনারা খোঁজ নিয়ে দেখেন। চার-পাঁচজন নিয়ে মানববন্ধন। আপনারা ফেসবুক দেখেন, সেখানে কে কী বলছেন।’

ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীর পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে শিক্ষার্থীরা লাঞ্ছনা করেন বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৪ মে থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। তারা ২৮ জুলাই পর্যন্ত টানা তিন মাস ক্লাস বন্ধ রাখে। সব মিলিয়ে পাঁচ মাস লেখাপড়া বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়টিতে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী দায়িত্ব নেওয়ার পর ২৯ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হয়।

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে