বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়, এটি কোনো বিশেষ রাজনৈতিক সংগঠন বা কর্মীদের নয়। এটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জুলাই শহীদ দিবস পালনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদ, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিটি আহত পরিবার, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি সমবেদনা। সরকার অঙ্গীকার করেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এককভাবে বাংলাদেশ গড়ব—এই চিন্তায় কখনোই নিমজ্জিত নই। এই দেশ সকলের, সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশ গড়তে চাই।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।