খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচটি তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় তাঁর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্ধুকছড়ি জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র, গুলিসহ সাগর দেবনাথকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।