চট্টগ্রামের জোরারগঞ্জের কয়লারমুখ এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ দশমিক ৭৮ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ১২ লাখ ৬৩ হাজার ১৭০ টাকা।
আজ রোববার বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কয়লারমুখ চেকপোস্টে এ অভিযান চালায় ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল।
৪৩ বিজিবি জানায়, পার্বত্য এলাকায় মাদক ও অন্যান্য পণ্যের অবৈধ চোরাচালান প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্টে দিনরাত ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের ফলে ওই এলাকায় চোরাচালানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলেও দাবি বিজিবির।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, করেরহাট ফরেস্ট রেঞ্জের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসাধু কাঠ ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। তাঁদের দাবি, এই যোগসাজশের মাধ্যমে বনাঞ্চল থেকে কাঠ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। পাচারের সুযোগ করে দিতে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তাঁদের ভাষ্য, প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫টি ট্রাক কাঠ নিয়ে ওই এলাকা ছেড়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে করেরহাট বন বিভাগের স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি জানান, এসব অভিযোগ সত্য নয়।