হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সাদিক কায়েমের বাসভবন পরিদর্শনে দুই সংসদ সদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দুই সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি শহরের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বাড়িটি পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য।

গতকাল রোববার রাতে বাড়িতে যান খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তাঁরা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জানিয়ে দুই সংসদ সদস্য বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রশাসন ইতিমধ্যে শনাক্ত করেছে। শিগগিরই তাঁদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।