হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্যমন্ত্রীসহ চার এমপি এক মঞ্চে। শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে সমাবেশে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে ককটেল-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশে ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ি টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ফেরার নাম করে সীমান্তের তারকাঁটার আশপাশে আওয়ামী লীগের নেতারা ঘুরে ঘুরে দেখছে, কোন দিক দিয়ে ঢোকা যায়। আসলে ঢুকবে না। ঢুকলে তো ফাঁসির দড়ি রেডি।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। দেশের জনগণ আর তাঁদের ছাড় দেবে না। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারের সাত মাস পার হতে না হতেই একটি পক্ষ দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না।

আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিদেশি সহযোগিতায় সরকার ও দেশের মানুষের শান্তি বিনষ্টের পরিকল্পনা করছেন। বাংলাদেশের জনগণ তাঁদের সেই সুযোগ দেবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, আগে বান্দরবানকে একটি পরিবার মনে করে দায়িত্ব পালন করেছেন। এখন খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—তিন পার্বত্য জেলাকেই নিজের পরিবার মনে করেন। রাষ্ট্রীয়ভাবে যে সম্পদ বরাদ্দ দেওয়া হবে, তা তিন জেলায় সমানভাবে বণ্টন করে উন্নয়নকাজ পরিচালনা করা হবে।

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ঘরবাড়ি ও অন্যের সম্পদ পুড়িয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। জনগণ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি কথার নয়, কাজের রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়া হচ্ছে।

দীপেন দেওয়ান বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে ঘিরে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।