খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বড়পিলাক বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। একই দিন ভোররাতে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, আগুন দেওয়ার ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। অভিযানে প্রথমে ছয়জন ও পরে পাঁচজনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি মো. কায় কিসলু বলেন, গতকাল ও আজ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এ ঘটনার জন্য নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেন।