হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি ও বিএনপি কার্যালয়ে আগুন, ৬ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়কে হাসপাতালের সামনে চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর চারটার দিকে পানখাইয়া পাড়ায় পার্কিং করা চাঁদের গাড়িটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আধা ঘণ্টা আগে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড় পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে কার্যালয়টি পুড়ে যায়।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি সংগৃহীত

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টার খবরও পাওয়া গেছে।