হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল হোসেনসহ একটি দল ভোররাতে সীমান্তের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে গরুসহ চোরাচালান আনার জন্য ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় তারা মহেন্দ্র এলাকায় কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করে। তখন মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে গুরুতর আহত হন রুবেল।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান বলেন, ‘গুলির ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমে তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।’