ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার দুপুরে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে গেটে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা জানান, তাঁর পরিবারের সদস্যরা সকালে থানায় গেছেন।
প্রতিবেশীরা জানান, আব্দুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তাঁর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্তোরাঁয় রাঁধুনির কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতেই থাকতেন। মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন।
সম্রাটের স্ত্রী মোছা. আসমা খাতুন মোবাইল ফোনে বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে এসে জানায়, সম্রাট হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়েছে। এরপর পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আমরা এখন সদর থানায় অবস্থান করছি।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুর রহমানকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।