হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুরে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৪৫) ও মৃত আবু সামার ছেলে নূর আলম (৩৫)। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল সরকার দুপুরে বাগানমাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার শরীরে লাগলে তিনি বিদ্যুতায়িত হন। পাশের জমিতে কাজ করা তাঁর ভাগনে নূর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতের তার স্পর্শ করলে দুজনই ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজযুক্ত বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।