ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোররাতে ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তরিকুল ইসলাম। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোররাতে ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তরিকুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে আটক করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটিও জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।