হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত আদায়ের অভিযোগ যাত্রীদের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বাস টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঝিনাইদহে দূরপাল্লার বাসভাড়া বাড়ানো হয়েছে। জেলা থেকে ঢাকাগামী রুটে ৫০ থেকে ১০০ টাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া লোকাল বাসেও রুটভেদে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও কোথাও অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

জানা গেছে, ঝিনাইদহ থেকে ঢাকার নন-এসি বাসের ভাড়া আগে ছিল ৭৫০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৮০০ টাকা। এ ছাড়া কক্সবাজারের ভাড়া বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং চট্টগ্রামের ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

রয়েল পরিবহনের টিকিট কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত ইমরান হোসেন জানান, ঝিনাইদহ-ঢাকা নন-এসি বাসভাড়া ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। তবে এখনো তাঁদের কাছে সরকার নির্ধারিত ভাড়ার কোনো চার্ট আসেনি। এসি বাসের ভাড়াও ১০০ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় ব্যয় বেড়েছে। সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভাড়া সমন্বয় করা হয়েছে।

পূর্বাশা পরিবহনের কাউন্টারের এক কর্মী জানান, প্রতিটি ট্রিপে প্রায় দুই হাজার টাকা অতিরিক্ত খরচ হওয়ায় আপাতত ৫০ টাকা বাড়ানো হয়েছে। কিছু দিন পর আরও বাড়তে পারে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টারসংশ্লিষ্টরা।

ঢাকাগামী যাত্রী সজীব বলেন, তেলের দাম বাড়লে ভাড়া কিছুটা বাড়া স্বাভাবিক, তবে এর সুযোগ নিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায় মেনে নেওয়া যায় না। সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া উচিত। এ ব্যাপারে সরকারের কঠোর নজরদারির দাবি জানান তিনি।

আরেক যাত্রী আবু সাইদ জানান, পরিবার নিয়ে যাতায়াত করলে এই বাড়তি ভাড়ার চাপ অনেক বেশি পড়ে। কাউন্টারগুলোতে স্পষ্ট ভাড়ার তালিকা টাঙানো থাকলে যাত্রী হয়রানি কমবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব দেখিয়ে ভাড়া বাড়ানো হলেও কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

এদিকে জেলা বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু জানান, ‘ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত জানানো হবে আজ রাতে অথবা কাল সকালে।’

৫০ থেকে ১০০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে—এ প্রসঙ্গে রোকনুজ্জামান রানু বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। কেউ নিলে সে ব্যক্তিগতভাবে নিচ্ছে, তার দায়ভার তারই। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।’