হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় যাত্রীবাহী বাস থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।

আজ রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের ব্যাগ রাখার বক্স থেকে ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা হেরোইন শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, র‌্যাবের উদ্ধার করা হেরোইন থানায় হস্তান্তর করা হয়েছে। যার দাম ৫০ লাখ টাকা। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে উদ্ধার হওয়া হেরোইনের মালিককে আটক করা সম্ভব হয়নি।