হোম > সারা দেশ > ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

ঝিনাইদহ প্রতিনিধি

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর কিছু সময় ঘটনাস্থলে অবস্থান করে তারা চলে যায়। পরে কার্যালয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতাদের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।’

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, রাতে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দীপঙ্কর মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।