হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় সারবোঝাই ট্রাকটি আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে বৈধ কাগজপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে ট্রাকটি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকে টিএসপি সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে এর মালামাল সম্পর্কে জানতে চান। এ সময় চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ট্রাকে সার রয়েছে এবং সেগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে। তবে সার পরিবহনের বৈধ মেমো বা চালান দেখাতে পারেননি তারা।

এ অবস্থায় স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সারের কাগজপত্র দেখতে চান। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সদর থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদলের নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয় লোকজন সার পাচারের গোপন সংবাদ পেয়ে ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি আটক করে তাঁদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে সারের কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি। শুধু একটি কাগজ দেখানো হয়েছে, যেখানে ৪২০ বস্তা সারের কথা উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত ১১টা ৩৫ মিনিটে জানান, ট্রাকটি কোন দিক থেকে এসেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি। বিষয়টি জানতে লোক পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকসহ সারগুলো পুলিশের হেফাজতে থাকবে। ট্রাকে ৪২০ বস্তা সার রয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারলে সারসহ ট্রাক ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। কয়েকজন সাংবাদিক ফোন দিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে সারগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।