ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মিরাজকে ফাঁসাতে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন বিউটি খাতুন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে। তদন্তে মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই মামলাটি খারিজ করে দেন আদালত। পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন জানান, বিউটি খাতুন একটি ধর্ষণের মামলা করেছিলেন। তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হলে ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।