হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, একজনকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ঝগড়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১টার দিকে সোহানের বাবা লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদকে মারার জন্য ধাওয়া করে। খবর পেয়ে রবিউলও সেখানে যান। এ সময় রবিউল ইসলাম ও লুৎফর রহমানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে আঘাত করেন। এতে রবিউল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যাদবপুর বাজারে পল্লিচিকিৎসেকর কাছে নিয়ে গেলে সেখানে রবিউল মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রবিউলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।