ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ চারজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
আজ শনিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি থেকে ই-মেইলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বেলা ১টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬১/১২-আর অবস্থিত গেইট দিয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প দুজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশুকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। সে সময় ঝিনাইদহ মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় বিজিবি টের পেয়ে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের প্রচেষ্টা প্রতিহত করে। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কলা বাগানের মধ্যে অবস্থান করছে। বিষয়টি ইতিমধ্যে ১৯৪ বিএসএফকে অবগত করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।