হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

ঝালকাঠি প্রতিনিধি

রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত এ প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কার্যালয়ের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেট মিটারিং ব্যবস্থায় সোলার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা। নিয়ম অনুযায়ী, তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে এ অর্থ পরিশোধ করা হবে।

রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

এ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া বিশেষ প্রণোদনা সুবিধা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এ উদ্যোগ বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ভূমিকা রাখবে।