ঝালকাঠি শহরে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ অমিত কুমার কংশ বণিক অপু (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মাদক বিক্রিতে সহায়তার অভিযোগে মো. মিজানুর রহমান (৩৭) নামের আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
গতকাল সোমবার রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাতাসাপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বাতাসাপট্টি এলাকায় রফিকুল ইসলামের পাঁচতলা ভবনের সামনে অভিযান চালায়। এ সময় অমিত কুমারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
অমিত কুমার পৌরসভার ৬৯ নম্বর কাসারীপট্টি এলাকার অশোক কুমার কংশ বণিকের ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে অমিত কুমারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা করেছেন। মামলায় মাদক বিক্রিতে সহায়তার অভিযোগে মো. মিজানুর রহমানকেও আসামি করা হয়েছে।
মিজানুর রহমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাটপট্টি ট্রলারঘাট এলাকার মৃত তোফাজ্জেলের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি পলাতক রয়েছেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।