জামালপুরের মাদারগঞ্জে ৮০টি ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (২৫)। সোলায়মান খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রুবেল একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম নলছিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করে তাঁদের দেহ তল্লাশি করলে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’