হোম > সারা দেশ > জামালপুর

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

জামালপুর প্রতিনিধি 

বিজিবি-বিএসএফ উত্তেজনায় শূন্যরেখায় আটকে আছেন বৃদ্ধ। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ১০৮২ নম্বর পিলারের কাছে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে আজ বুধবার ভোরে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের পক্ষ থেকে গুলির হুমকি দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় আলো নিভিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তে থাকা বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে অন্যরা সরে গেলেও একজন বৃদ্ধ আটকে পড়েন।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠক হয়। বৈঠকে পুশ ইন করা লোককে ফেরত নিতে বিএসএফ অস্বীকার করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একপর্যায়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, এ সময় বিএসএফ সদস্যরা গুলির হুমকি দিলে উত্তেজনা আরও বাড়ে।

একপর্যায়ে বৃদ্ধকে রেখে বিএসএফ সদস্যরা সরে যান। এর ফলে ওই বৃদ্ধ শূন্যরেখায় আটকে পড়েন।

বিজিবি জানায়, পরে ভারতীয় নাগরিক ওই বৃদ্ধকে ভারতে ফিরে যেতে বলে বিজিবি। বৃদ্ধ ফিরে যেতে চাইলেও বিএসএফ সদস্যরা তাঁকে বাধা দেন। অন্যদিকে বাংলাদেশেও তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল। পরে বাংলাদেশের সীমান্ত থেকে তাঁকে ফেরত পাঠানো হয়েছে। এখন সীমান্তে পরিবেশ শান্ত রয়েছে।

দেওয়ানগঞ্জে মোবাইল ও বইয়ের পৃষ্ঠা নিয়ে ডিগ্রি পরীক্ষা, বহিষ্কার ১২ পরীক্ষার্থী

রাষ্ট্রপতির পদত্যাগের পর তাঁকে দ্রুত গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়ক মেরামতের কাজ, ভেঙে পড়েছে স্লোপ ড্রেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন