নতুন ফসল ঘরে তোলার আনন্দে শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে উদ্যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় ধর্মীয় আচার, প্রার্থনা, নাচ-গান ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন তাঁরা।
আজ রোববার দুপুরে উপজেলার দিঘলাকোনা এলাকার সাধু আন্দ্রে ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক গারো অংশ নেন। উৎসবকে ঘিরে পুরো ধর্মপল্লী পরিণত হয় আনন্দমুখর মিলনমেলায়।
গারো সম্প্রদায়ের বিশ্বাস, শস্য দেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে ওয়ানগালা উৎসব পালন করা হয়।
উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠান। এরপর শস্য দেবতার উদ্দেশে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রার্থনায় সবার সুখ-শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ধর্মপল্লী প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গারো শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। পাশাপাশি দিঘলাকোনা এলাকায় বসেছে ছোট পরিসরের মেলা। শিশু, নারী ও পুরুষ—সব বয়সী মানুষ উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন।
গারো সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে অংশ নেন। তাঁদের অংশগ্রহণে উৎসবটি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার মিলনমেলায় পরিণত হয়।
তবে বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান স্থানীয়রা। বৃষ্টির কারণে নানা সমস্যার মুখে পড়লেও ঐতিহ্যের টানে উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ।
সারথী খকশী বলেন, প্রতিবছরই তাঁরা এ উৎসব পালন করেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা ভিন্নতা ছিল। বৃষ্টির কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরও সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
জয় দাঙ্গো বলেন, ওয়ানগালা মূলত সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর উৎসব। প্রতিবছর ছোট-বড় সবাই মিলে তাঁরা এ উৎসব পালন করেন। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠেন।
ফাদার অপোসলোমো রোজারিও বলেন, ওয়ানগালা মান্দি আদিবাসী সম্প্রদায়ের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে তাঁরা সৃষ্টিকর্তার প্রশংসা করেন এবং ফসলসহ খাদ্যসামগ্রী দান করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এ উৎসবের মূল উদ্দেশ্য।