হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট, কৃষকের আহাজারি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।’

তাঁর স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ভাগ্যের ওপর কেন এভাবে হামলা করা হলো? সন্তানদের কী খাওয়াব এখন?’

স্থানীয় বাসিন্দা ফুলু মিয়া, নবী হোসেন ও গুলজেহার আলী জানান, আতোয়ার একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের বিষাক্ত আগাছানাশক ছিটানো খেতে দাঁড়িয়ে আছেন কৃষক আতোয়ার ও তাঁর স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং আতোয়ারকে যেকোনো সহযোগিতা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক