হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জের বাড়িঘরে জামাইদের ভিড়, সঙ্গী স্ত্রী-সন্তানেরা

জামালপুর প্রতিনিধি 

জমজমাট জামাই মেলা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে পুরো জেলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে স্ত্রী-সন্তান নিয়ে জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। তাঁরা কয়েক দিন শ্বশুরবাড়ি থাকবেন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুরে ১৭ ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিবছর ১৭ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী জামাই মেলার আয়োজন করা হয় উপজেলার পলাশপুরে। মেলা ঘিরে আয়োজকেরা দেশের বিভিন্ন অঞ্চলের জামাইদের শ্বশুরবাড়ি আমন্ত্রণ জানান। জামাইরা দাওয়াত পেয়ে স্ত্রী-সন্তানসহ মেলার এক দিন আগে শ্বশুরবাড়ি চলে আসেন। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে মেলা থেকে বড় বড় মাছ, পান-সুপারি, মিষ্টি কিনে নিয়ে যান।

মেলায় প্রায় ৪০০ দোকান বসেছে, যেখানে কসমেটিকস, প্রসাধনী, খাবার, খেলনা, মিঠাই, মাছসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে নানা মুখরোচক খাবারের দোকানও রয়েছে। শিশুদের জন্য নাগরদোলা, চরকি, দোলনা এবং অন্যান্য বিনোদনের আয়োজন করা হয়েছে। মেলায় মাছের বাজারে সাজানো হয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্পসহ নানা ধরনের মাছ।

জমজমাট জামাই মেলা। ছবি: আজকের পত্রিকা

মেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর মেলায় এসে তাঁরা ভালো লাভ করেছেন। এ বছরও বেচাকেনা ভালো হচ্ছে। তাঁরা আশা করছেন, এবারও মেলা সফল হবে। জিলাপি ব্যবসায়ী মোতালেব বলেন, তিনি প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি করছেন। তাঁর দোকানে ঝুড়ি, সাজ, গজা, গুলগুলিসহ নানা ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিলাপি।

মেলায় আসা দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমি সাভার থেকে এসেছি। মেলার কারণে বাড়িতে এসেছি। প্রতিটি বাড়িতে জামাই উৎসব চলছে। এটা মিস করতে চাই না। প্রতি বছর মেলায় আসতে এই অঞ্চলের জামাইরা দেশের বিভিন্ন স্থান থেকে শ্বশুরবাড়ি আসে। মেলার কারণে পুরো এলাকায় আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করছে।’

জমজমাট জামাই মেলা। ছবি: আজকের পত্রিকা

তবে কিছু অবিবাহিত তরুণ মেলায় এসে হতাশাও প্রকাশ করেছেন। বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার আরিফ হোসাইন বলেন, ‘মেলা দেখতে এসেছি। কিন্তু জামাইদের মাছ কিনে শ্বশুরবাড়ি যাওয়ার দৃশ্য দেখে খারাপ লাগছে। কারণ আমি বিয়ে করিনি।’

জামালপুর শহর থেকে মেলায় আসা তানভীর আহম্মেদ বলেন, ‘এ মেলা উপলক্ষে জামাইকে সেলামি দেওয়া হয়। ওই টাকা দিয়ে জামাই মেলা থেকে কেনাকাটা করে শ্বশুরবাড়ি নিয়ে যায়। এটা শুনেই মেলা দেখতে এসেছি। আসলে জামাইরা মেলা থেকে কী কেনেন এবং মেলায় কী পাওয়া যায় এসব দেখতেই এসেছি।’

মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান বলেন, ‘মেলার মূল উদ্দেশ্য হলো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা। মেলায় ৩২০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং ২০০ জন কর্মী মেলার নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রশাসনও সার্বিক সহযোগিতা দিচ্ছে। লাখো মানুষের সমাগম হলেও কোনো ধরনের সমস্যা হয়নি। ভবিষ্যতে এমন সহযোগিতা পেলে মেলার আয়োজন আরও সুন্দর হবে।’

ইসলামপুরে যমুনার দুর্গম চরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

জামালপুরে স্কুলড্রেসে মসজিদের সামনে টিকটকের ভিডিও, ছাত্রীকে ছাড়পত্র

ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না: নজরুল ইসলাম খান

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

‘আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করল’

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কুকুরের সঙ্গ ছাড়িয়ে পুনর্বাসনে শ্রাবণ, ইউএনওর উদ্যোগে ফিরছে স্বাভাবিক জীবনে

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে