জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুই যুবককেই তাঁদের মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে নাজমুল হাসান (৩৫) এবং বেলতলী এলাকার শাহজাহান আলীর ছেলে নাজমুল হাসান (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বেলতলী এলাকার নাজমুল হাসান নিজ বাড়িতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর মা দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে।
একই সময়ে চুনিয়াপাড়া এলাকার নাজমুল হাসানও নিজ বাড়িতে মাদক সেবন করছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করায় তাঁর মা-ও থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাঁকে আটক করে।
পরে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁরা অপরাধ স্বীকার করেন। এরপর আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ‘মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।’
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাদণ্ড দেন।