জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় মাছের ঘের থেকে লাগেজবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজারের পশ্চিম পাশে ঘেরের এক কোণে একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা লাগেজটি খুলে ভেতরে এক যুবকের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে হত্যার পর লাশটি লাগেজে ভরে ঘেরে ফেলে রাখা হয়েছে। লাশটিতে পচন ধরেছে এবং এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’