হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 

রায় ঘোষণার পর আদালত থেকে তিন আসামিকে কারাগারে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে ছাত্তার আলী (৪০), কয়ড়ার পাড় এলাকার শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪২) ও নায়েব আলীর ছেলে আনু (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে সদর উপজেলায় গৃহবধূকে বাড়ি থেকে তুলে পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করেন আসামিরা। পরে ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন ভুক্তভোগী মামলা করলে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আইনজীবী ফজলুল হক বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের এই রায়ে মামলার বাদী সন্তুষ্ট হয়েছেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।