হোম > সারা দেশ > জামালপুর

ধর্মঘট প্রত্যাহার, ১৫ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

জামালপুর প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

মহাসড়কে চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বন্ধ থাকা জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।

এর আগে গতকাল বুধবার রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

এদিকে আজ দুপুর ১টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে রাজিব বাস বন্ধের দাবিতে ছাত্রশক্তি, যুবশক্তিসহ সাধারণ ছাত্রদের আয়োজিত মানববন্ধনে হামলা করেছে জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। এতে ছাত্রশক্তি এবং যুবশক্তির ৫ নেতা কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে জামালপুরের লাহিরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাস ও একটি ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হন। পরে বুধবার জামালপুরের নান্দিনা বাজার এলাকায় রাজিব পরিবহনের দুটি বাসে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি।