হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. শিপন (১৯), মো. ইব্রাহীম (২৫) ও মো. ইউসুফ আলী (২০)। তাঁদের সবার বাড়ি ইসলামপুর উপজেলার বেলাগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়।

তবে মামলার প্রধান আসামি মো. সাদিককে (২৪) খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ এপ্রিল সকালে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন আসামিরা। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘মামলায় ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আদায়কৃত ওই অর্থ ভুক্তভোগী পরিবার পাবে।’