জামালপুরের ইসলামপুরে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-২) সদস্যরা অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়িকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন পৌর শহরের পূর্ব নটারকান্দা এলাকার মৃত খোরশেদের ছেলে তানজিল হাসান (২৫) এবং দরিয়াবাদ এলাকার সোনাহার আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
আজ বুধবার বিকেলে ইসলামপুর থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিবি-২ শাখার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলামপুর পৌর শহরের পাটনিপাড়া ব্রিজ এলাকা থেকে অনলাইন জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়।
জামালপুর ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অনলাইন জুয়া প্রতিরোধ আইনের মামলায় দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।