জামালপুরে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের দয়াময় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের বাসন থানার বাইপাস পেয়ারা বাগান এলাকার জাহাঙ্গীর আলী খানের ছেলে আবদুল খালেক ওরফে জাহিদ খান (৩৩), একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে বাবুল (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগমুচরা গ্রামের শাহীন আলমের ছেলে রনি (৩০) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খাদিজা বেগম (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ডিবি-২ শাখার এসআই মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে শহরের দয়াময় মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি-২ শাখার এসআই মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
আজ শুক্রবার বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামালপুর ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান বলেন, আটক চারজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।