হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত সহোদর ২ ভাইয়ের কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন মা ছাবিনা ইয়াসমিন। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই ভাইয়ের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং তাঁর ছোট ভাই মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত সাকিব ও তাসফি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন ওই দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তারা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়াতেন। ছেলেদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন নানাভাবে চেষ্টা করেও সফল হননি।

সম্প্রতি টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠলে মাকে মারধর ও শারীরিক-মানসিক নির্যাতন করা তাদের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। একপর্যায়ে নিরুপায় হয়ে মা থানা-পুলিশে অভিযোগ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছে। এরপর একজন ছয় মাসের এবং অপরজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের দণ্ড দেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।