হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের চার যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার তিসকারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া (৪০) উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছবাহী একটি পিকআপ ভ্যান লাখাই থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। তিসকারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকের পাশের আসনে থাকা বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় টমটমের চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।