মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে হবিগঞ্জে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিমুল বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিবাদ সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি আলহাজ মো. ফজলুর রহমান চৌধুরী।
ফজলুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিমুল বিশ্বাস রোববার হবিগঞ্জের পরিবহন নেতাদের ঢাকায় ডেকেছেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তাঁর আহ্বানে আগামী সোমবার পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রুটে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের পরিবহন মালিকেরা বাস পরিচালনা করে আসছেন। তবে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে বিভিন্ন সময়ে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারে হবিগঞ্জের ২৫টি বাস আটকে রেখে শ্রমিকদের মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর বৃহস্পতিবার ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু করেন মালিক-শ্রমিকেরা। বাসের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন গণপরিবহন বন্ধ থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরিবহন নেতারা জানান, রোববার ঢাকায় বৈঠকে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ও সিদ্ধান্ত নেওয়া হবে।