হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন-চার দিন ধরে বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা কথাকাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে টমটম ও সিএনজি অটোরিকশা শ্রমিকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।