হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

আলী হোসেন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে ওই যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত আলী হোসেন (২২) ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। রেস্তোরাঁয় কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন তিনি।

নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেনের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার বেলা ১১টার দিকে বাসা থেকে বেরিয়ে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে রোববার ধর্মঘর এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁর সন্ধান চেয়ে পোস্ট দেন স্বজনরা। কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরে ফুলে গিয়েছে।

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।