হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ধাপে ধাপে ছুটি হবে শিল্পকারখানা, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ২২ জেলার যাত্রীদের

রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে এবারও ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। ফলে ভোগান্তি কমবে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের।

গত ঈদুল ফিতরের আগে গাজীপুর থেকে ঘরমুখী মানুষের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক ছিল। প্রায় দুই দশকের মধ্যে গেল ঈদের চিত্র ছিল ভিন্ন। কয়েক ধাপে শিল্পকারখানায় ছুটি ঘোষণা করার কারণে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল কম। ফলে সড়কে গাড়ির চাপ ও ভোগান্তিও কম ছিল। তবে ঈদের আগের দিন গাজীপুরের চারটি মহাসড়কে যানবাহনের চাপ ছিল।

গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহা স্বস্তিদায়ক করার প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। তবে ঈদুল আজহার আগে যদি বৃষ্টি থাকে, সে ক্ষেত্রে কিছুটা ভোগান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, ‘গত ঈদের চেয়েও আসন্ন ঈদে আমরা বেশি প্রস্তুতি নিয়ে রেখেছি। ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল থাকবে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে যানজটের সেই পুরোনো আশঙ্কা রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। দুই দশক ধরে এই দুই মহাসড়কের লাখ লাখ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারেনি। তবে গত ঈদুল ফিতরের চিত্র ছিল একটু ভিন্ন। মহাসড়কে যানবাহনের চাপ ছিল, তবে জট ছিল না। গাজীপুর জেলা ও মহানগরের অন্তত ১৫টি পয়েন্টে সাধারণত যানজট থাকে। এসব যানজটের অন্যতম কারণ মহাসড়কের কোনো কোনো স্থানে সরু গলির মতো তৈরি করা হয়েছে। একটি করে গাড়ি পার হতে হয়। বিশেষ করে টঙ্গীর চেরাগ আলী এলাকায় রাস্তার পশ্চিম পাশে মহাসড়কের একাংশ সরু গলির মতো করা হয়েছে। এখান দিয়ে একটির বেশি গাড়ি যেতে পারে না। তা ছাড়া মহাসড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাও যানজটের অন্যতম কারণ।’

শরিফ উদ্দিন আরও বলেন, গাজীপুরে অন্তত আড়াই হাজার শিল্পকারখানা রয়েছে। ঈদের আগেই যদি শিল্পকারখানার মালিকেরা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেন, তাহলে রাস্তার ওপর অত্যাচার কমবে। বেতন-ভাতা না দিলে শ্রমিকেরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেন, ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে রাখেন সড়ক-মহাসড়ক। এতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর জেলাকে বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী অন্যতম প্রধান প্রবেশদ্বার বা ‘গেটওয়ে’ মনে করা হয়। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গাজীপুরের ওপর দিয়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২২টি জেলার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। ঈদের আগে সব শিল্পকারখানা, অফিস-আদালত একসঙ্গে ছুটি হওয়ার কারণে মহাসড়কে যান চলাচলে চাপ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয়। তবে এবার যানজট তেমন হবে না বলে আশাবাদী পুলিশ। মহানগরের টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, ভোগড়া বাইপাস, কোনাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে বেশি যানজট থাকে।

যানজট নিরসনে আগে থেকেই ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে জেলা ও মহানগর পুলিশের। গাজীপুর জেলা পুলিশ বলছে, কালিয়াকৈরের চন্দ্রা মোড়, মাওনা চৌরাস্তা, ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টার বাড়ি, নয়নপুর, এমসি বাজার, জৈনাবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হবে।

গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন ঈদযাত্রা আমরা স্বস্তিদায়ক করার চেষ্টা করছি। যদি বৃষ্টি না থাকে, তাহলে গত ঈদের মতো স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা।’

গাজীপুর শিল্প-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আসন্ন ঈদেও ধাপে ধাপে কারখানাগুলোতে ছুটি দেওয়া হবে। ফলে শ্রমিকেরা দফায় দফায় গ্রামে যাবেন, সে ক্ষেত্রে ভোগান্তি কম হবে। পাশাপাশি মহাসড়কেও চাপ কমবে।

শ্রীপুরে বাকিতে পণ্য না পেয়ে দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫

ইউপি সদস্যের নেতৃত্বে মারধরের অভিযোগ, আহত বিএনপি নেতার মৃত্যু

বৃদ্ধ ভিক্ষুকের পকেটে ছিল ৭০ হাজার টাকা

শ্রীপুরে পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ

গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক কারখানা শ্রমিক হাসপাতালে

খুনের রাতে পোলাওয়ের চাল কেনেন ফোরকান

গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা