হোম > সারা দেশ > গাজীপুর

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

ওয়াসিকুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারাগারের অফিস কক্ষে পুলিশের কাছে হস্তান্তরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। বাবু রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর রহমান বাবু। পরে ২৭ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাঁকে হেফাজতে নিতে কারাগারে আসে। কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তাঁকে অফিস কক্ষের (ভর্তি শাখা) একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে ডিম ভেঙে প্রতিবাদ, খামারিদের মহাসড়ক অবরোধ

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে

মাদকের টাকার জন্য সন্তানের গলায় ছুরি ধরে স্ত্রীর কাছে ভিডিও

সাবেক সেনাসদস্য নিখোঁজ, সপ্তাহ ধরে থানার সামনে স্ত্রী-সন্তানের অবস্থান

ক্রীড়া কার্ড ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী আমিনুল

কারখানায় শ্রমিকের মৃত্যু: মিলাদ মাহফিলের সময় উত্তেজনা, পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু