গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অর্ণবের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লভলাল চক্রবর্তী ওই ইউনিয়নের চিনাইল এলাকার ইন্দ্রমোহনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তাঁর বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এর আগে তাঁকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।
গতকাল সোমবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর অর্ণব পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, অর্ণব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও টাকার জন্য তিনি তাঁর বাবা-মাকে একাধিকবার মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসাও দেওয়া হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।