বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ‘হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানাটির সামনে সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ সমাবেশ শুরু করেন কয়েক শ শ্রমিক। এ সময় তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানাটির প্রায় ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক সকালে কারখানার সামনে জড়ো হন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের দুই মাসের বেতন বকেয়া রেখেছে। দীর্ঘ দিন বেতন না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।
বিক্ষোভকালে শ্রমিকেরা অভিযোগ করেন, বকেয়া না পাওয়ায় পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরভাড়া মেটাতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। অবিলম্বে বকেয়া পরিশোধ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেন তাঁরা।
সড়ক অবরোধের কারণে ওই এলাকার যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থান নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি। শ্রমিকদের পাওনা যাতে দ্রুত মেটানো হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ ও শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।