গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে ওই প্রতিষ্ঠানের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ নেভানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, এ ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ১৮ বছর বয়সী আব্দুল্লাহ, ১৯ বছর বয়সী আহাদ, ২৬ বছর বয়সী আশরাফুল ও ২৫ বছর বয়সী নাঈম। তাঁদের মধ্যে আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, আহাদের ৫৫ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
তালহা বিন জসিম আরও জানান, দগ্ধদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছে। নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।