ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও আজ সোমবার (২ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এমন পরিস্থিতিতে ১৫০টি শিল্পপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সকাল ৭টা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ ছাড়া কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরাও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।
নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে গতকাল গাজীপুরে ৪৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।’
আরও পড়ুন: