হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে ভিজিএফ বরাদ্দে বড় কাটছাঁট, এবার বঞ্চিত হচ্ছে ১৫ হাজার পরিবার

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

নদীভাঙন ও দারিদ্র্যপ্রবণ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চাল বরাদ্দ অর্ধেকের বেশি কমেছে। প্রতি ঈদে ১০ কেজি করে চাল পেয়ে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেলেও এবার সেই সহায়তা কমে যাওয়ায় কয়েক হাজার দরিদ্র পরিবার পড়েছে দুশ্চিন্তায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহায় উপজেলার ৭টি ইউনিয়নে ২৬৬ দশমিক ৪১০ টন চাল বরাদ্দ ছিল। এতে ২৬ হাজার ৬৪১টি পরিবার সহায়তা পেয়েছিল। কিন্তু আসন্ন ঈদুল ফিতরে বরাদ্দ এসেছে ১১১ দশমিক ১০০ টন চাল, যা দিয়ে ১১ হাজার ১১০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া সম্ভব হবে। অর্থাৎ গতবারের তুলনায় ১৫ হাজার ৫৩১টি পরিবার এবার এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

ইউনিয়নভিত্তিক বরাদ্দেও বড় ধরনের কাটছাঁট দেখা গেছে। কঞ্চিপাড়া ইউনিয়নে গতবার ৪ হাজার ৩৬৩টি পরিবার সহায়তা পেলেও এবার বরাদ্দ এসেছে ১ হাজার ৩৮৩টির জন্য। উড়িয়া ইউনিয়নে ২ হাজার ৭৫২টির স্থলে ৯৯২টি, উদাখালীতে ৪ হাজার ৭৮টির বদলে ১ হাজার ২২১টি, গজারিয়ায় ৩ হাজার ১১৯টির স্থলে ১ হাজার ১৫৯টি, ফুলছড়ি ইউনিয়নে ৪ হাজার ১৩টির বদলে ১ হাজার ৭৮৪টি, এরেন্ডাবাড়ীতে ৪ হাজার ৬৮৩টির স্থলে ২ হাজার ৫১৬টি এবং ফজলুপুরে ৩ হাজার ৬৩৩টির স্থলে ২ হাজার ৫৫টি পরিবার এবার চাল পাবে।

ফুলছড়ির সাতটি ইউনিয়নের অধিকাংশ এলাকা ব্রহ্মপুত্র নদের ভাঙনপ্রবণ। প্রতিবছর নতুন করে মানুষ বাস্তুচ্যুত হলেও সহায়তার পরিমাণ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁদের ভাষ্য, ভাঙন ও দারিদ্র্যের চিত্র অপরিবর্তিত থাকলেও ভিজিএফ কার্ডের সংখ্যা কমে যাওয়ায় প্রকৃত অসহায়দের তালিকা নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে।

উড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘গত বছর যেখানে প্রায় ৩ হাজার পরিবারকে সহায়তা দিতে পেরেছি, এবার সেখানে ১ হাজারও নেই। গ্রামের অধিকাংশ পরিবারই অভাবী। সীমিত কার্ড দিয়ে প্রকৃত দরিদ্রদের বাছাই করা এখন বড় চ্যালেঞ্জ।’

বরাদ্দ কমার পেছনে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল হাদী। তিনি বলেন, ‘জনসংখ্যা, দারিদ্র্যের হার ও দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয়ভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়। এখানে আমাদের করার কিছু নেই।’

নদীপাড়ের বাসিন্দারা জানান, ভাঙন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ১০ কেজি চাল তাদের জন্য বড় সহায়তা ছিল। সেই সহায়তা কমে যাওয়ায় অনেক পরিবারের ঈদের আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ফুলছড়ির বিশেষ ভৌগোলিক ও দুর্যোগপ্রবণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার যেন এই বরাদ্দ দ্রুত পুনর্বিবেচনা করে।

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ

দাখিল পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ

উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধ্যক্ষ কারাগারে

গাইবান্ধায় স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে নির্যাতন, ৫ আসামি কারাগারে

গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ: এক বছরেও চালু হয়নি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২