গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়।
মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, ‘গতকাল রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়া বাজারে অভিযান পরিচালনা করি। এ সময় নিষিদ্ধ ২২টি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সহযোগিতা করেন।’
মাধব রায় আরও বলেন, দেশীয় জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, ক্রয়-বিক্রয় ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।